শিশুশ্রম নির্মূল করতে হলে তা নিজের ঘর থেকেই শুরু করতে হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (২৯ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শুধু সেমিনার বা আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবসম্মত ও টেকসই উদ্যোগের মাধ্যমে দেশে শিশুশ্রম নির্মূল করতে হবে। এ কাজে সরকার, দেশি-বিদেশি সংস্থা এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-কে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শিশুশ্রম নির্মূলের কার্যক্রম সবচেয়ে বেশি শিশুশ্রমপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে যৌথভাবে বাস্তবায়ন করতে হবে। বস্তি এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিতে হবে।

শ্রমমন্ত্রী বলেন, মানবসম্পদই দেশের সবচেয়ে বড় সম্পদ। তাই এই সম্পদকে যথাযথভাবে কাজে লাগানো সবার নৈতিক দায়িত্ব।

তিনি জানান, আগামী এক বছরের মধ্যে একটি টেকসই পাইলট প্রোগ্রাম বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে, যার মাধ্যমে কত শিশু শ্রম থেকে ফিরে শিক্ষা ও স্বাস্থ্যসেবার আওতায় এসেছে তা মূল্যায়ন করা হবে।

মন্ত্রী আরও বলেন, শিশুশ্রম প্রতিরোধে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করে ব্যাপক জনসচেতনতা তৈরি করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জুমার খুতবায় এ বিষয়ে আলোচনা করার পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও সচেতনতা কার্যক্রম চালানো হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তারফদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন। শিশু অধিকার বিষয়ে সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়।

এজেএ