প্রতি বর্ষা মৌসুমে দেশের প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে দেশের ২৯ হাজারের বেশি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে সৌদি আরবে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাগানো নিমগাছের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, আরাফাতের ময়দানে জিয়াউর রহমানের রোপণ করা নিমগাছগুলো স্থানীয়দের কাছে ‘জিয়া ট্রি’ নামে পরিচিত।

বৃক্ষরোপণের পরিবেশগত ও সামাজিক গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের গাছ লাগাতে উৎসাহিত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এর আগে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর গার্ড অব অনার গ্রহণ শেষে তারেক রহমান বলেন, দুর্যোগ মোকাবিলা ও জনসেবামূলক কর্মকাণ্ডে বিএনসিসির ভূমিকা গুরুত্বপূর্ণ। এ কারণে জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠনটির কার্যক্রম সম্প্রসারণে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, বিএনসিসির প্রশিক্ষণ কার্যক্রমকে যুগোপযোগী ও কার্যকর করতে সরকার প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করবে।

এইচএমজে