জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কমিটি পুনর্গঠন

ছবি: সংগৃহীত
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) জরুরি সাধারণ সভায় সংগঠনের কমিটি পুনর্গঠন করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে।
সোমবার (২৯ জুন) রাজধানীর বনানীতে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের অডিটরিয়ামে এ জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে সদস্যদের সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র অনুমোদন করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন কাঠামোর মাধ্যমে কার্যক্রমকে আরও শৃঙ্খলাবদ্ধ ও গতিশীল করার লক্ষ্য নেওয়া হয়েছে। একই সঙ্গে পুরোনো দায়িত্ব পুনর্বণ্টন এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে কমিটি পুনর্গঠন করা হয়।
পুনর্গঠিত কমিটিতে প্রফেসর ড. শাহ জে. মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি, রওশন কামাল জেমসকে সাধারণ সম্পাদক, রিয়াদ হাসনাইনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুয়েলকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। মোট ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সভায় জানানো হয়, দেশের আইসিটি খাতের পেশাজীবী, উদ্যোক্তা ও প্রযুক্তিবিদদের সংগঠনে যুক্ত করতে সদস্য নিবন্ধন ফরম উন্মুক্ত করা হবে।
বক্তারা বলেন, আইসিটি খাতের উন্নয়ন, পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণ এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে সংগঠনটি ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
এইচএমজে

অনলাইন ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






