নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট (Show Arrest), নতুন করে গ্রেপ্তার বা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না—হাইকোর্টের দেওয়া এমন নির্দেশনা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে হাইকোর্টের জারি করা রুল আগামী চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।

এর আগে, একাধিক আবেদনকারীর দায়ের করা রিটের শুনানি নিয়ে হাইকোর্ট এক আদেশে বলেন—নির্দিষ্ট কোনো মামলা বা অভিযোগ না থাকলে আবেদনকারীদের শ্যোন অ্যারেস্ট, নতুন করে গ্রেপ্তার বা কোনো প্রকার হয়রানি করা যাবে না।

একই সাথে হাইকোর্ট একটি রুল জারি করেছিলেন। রূলে জানতে চাওয়া হয়:

আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং হয়রানি, অপমান ও নিপীড়নের উদ্দেশ্যে গুরুতর প্রকৃতির মিথ্যা মামলায় জড়ানোর পদক্ষেপ কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না?

নির্দিষ্ট মামলা ছাড়া শ্যোন অ্যারেস্ট বা গ্রেপ্তার না করার স্থায়ী নির্দেশ কেন দেওয়া হবে না?

হাইকোর্টের এই নির্দেশনার বিরুদ্ধে পরবর্তীতে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশটি স্থগিত করেন এবং চার সপ্তাহের মধ্যে হাইকোর্টকে মূল রুলটি নিষ্পত্তির নির্দেশ দেন।

আইনজীবীদের মতে, আপিল বিভাগের এই আদেশের ফলে আপাতত রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের দেওয়া ওই নির্দিষ্ট নিষেধাজ্ঞাটি স্থগিত থাকছে।

জেএস