যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত শিশুসহ অনেকেই

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের বিখ্যাত ‘স্পেস নিডল’ এলাকার একটি ফুড ফেস্টিভ্যালে আকস্মিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই নৃশংস হামলায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এছাড়া এক শিশুসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় এই হামলার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সিয়াটল ফায়ার ডিপার্টমেন্ট সূত্রে জানা যায়, স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টার পর সিয়াটল সেন্টারে হামলার খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে দুজনকে মৃত ঘোষণা করা হয়।
গুরুতর আহত চারজনকে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মাত্র দুই বছর বয়সী একটি শিশুও রয়েছে।
যে এলাকায় এই হামলা চালানো হয়েছে, সেখানে বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ উৎসব চলছিল। মেলা উপলক্ষে সেখানে বহু স্থানীয় বিক্রেতা ও দর্শনার্থীর উপচে পড়া ভিড় ছিল।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মঞ্চে যখন গান পরিবেশন চলছিল, ঠিক তখনই হঠাৎ বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। আকস্মিক এই হামলায় উৎসবে উপস্থিত মানুষ দিগ্বিদিক ছুটাছুটি শুরু করেন।
ঘটনার পরপরই পুলিশ, জরুরি সেবামূলক সংস্থার কর্মী এবং এফবিআইয়ের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরো এলাকা ঘিরে ফেলেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারী কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং কী কারণে এই হামলা চালানো হয়েছে তাও এখনো স্পষ্ট নয়।
নিরাপত্তা ও তদন্তের স্বার্থে ঘটনার জেরে সিয়াটল সেন্টারের মনোরেল সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সূত্র: সিএনএন
জেএস

আন্তর্জাতিক ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










