বিশ্বব্যাপী ফেসবুকে প্রযুক্তিগত বিভ্রাট, লগইন ও মেসেজিংয়ে ভোগান্তি

ছবি: সংগৃহীত
বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুক ব্যবহারকারীরা হঠাৎ করেই বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে লগইন করতে পারছেন না, আবার কেউ কেউ পোস্ট, ছবি কিংবা ভিডিও আপলোড এবং মেসেঞ্জারে বার্তা আদান-প্রদানেও সমস্যার কথা জানিয়েছেন। ফলে অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে বিভ্রাটের বিষয়টি আলোচনায় উঠে আসে।
রোববার (১৯ জুলাই) দুপুরের দিকে সমস্যা শুরু হওয়ার পর ওয়েবসাইট ও অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টর-এ অভিযোগের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, দুপুর ১টা ২৫ মিনিটের পর কয়েক মিনিটের ব্যবধানে অভিযোগের সংখ্যা কয়েকটি থেকে বেড়ে সাড়ে চার হাজারেরও বেশি পৌঁছে যায়।
ব্যবহারকারীদের অভিযোগ, ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করলে অনেকের স্ক্রিনে 'Account temporarily unavailable' ধরনের বার্তা দেখা যাচ্ছে। আবার কেউ কেউ নিউজফিড লোড না হওয়া, ছবি ও ভিডিও আপলোডে ব্যর্থ হওয়া এবং মেসেঞ্জারে বার্তা পাঠাতে না পারার সমস্যার মুখোমুখি হয়েছেন।
শুধু মোবাইল অ্যাপ নয়, ফেসবুকের ওয়েব বা ডেস্কটপ সংস্করণেও একই ধরনের ত্রুটি দেখা দিয়েছে বলে জানিয়েছেন ব্যবহারকারীরা। ফলে ব্যক্তিগত ব্যবহারকারীদের পাশাপাশি ব্যবসায়িক পেজ ও কনটেন্ট নির্মাতারাও সাময়িকভাবে কার্যক্রম পরিচালনায় সমস্যায় পড়েছেন।
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, এটি সার্ভার-সংক্রান্ত কোনো সাময়িক ত্রুটির কারণে হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি। বিভ্রাটের কারণ বা কখন পুরোপুরি সেবা স্বাভাবিক হবে, সে সম্পর্কেও এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি।
এদিকে ব্যবহারকারীদের ধৈর্য ধরে কিছু সময় পর পুনরায় চেষ্টা করার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রযুক্তিগত ত্রুটি সমাধানে মেটার প্রকৌশলীরা কাজ করছেন বলে ধারণা করা হলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
ইউ

ডেসটিনি ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।








