সতর্কবার্তা বন্যা পূর্বাভাস কেন্দ্রের/দেশের ৭ জেলায় আবারও বন্যার আশঙ্কা

ফাইল ছবি
ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের সাতটি জেলায় আবারও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে এই পরিস্থিতির অবনতির আশঙ্কা জানিয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার (১৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এই তথ্য নিশ্চিত করেছে।
যেসব জেলায় বন্যার আশঙ্কা
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি হতে পারে। এছাড়া আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলেও বন্যা পরিস্থিতির অবনতি বা স্থিতিশীল অবস্থার আশঙ্কা রয়েছে।
নদ-নদীর পরিস্থিতি
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি স্থিতিশীল থাকলেও আগামী তিন দিনে তা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতলও বৃদ্ধি পাওয়ার প্রবণতায় রয়েছে।
এদিকে, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর পানির উচ্চতা গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে এবং আগামী পাঁচ দিন এই বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আগামী ২০ থেকে ২২ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু পয়েন্টে পানি বিপৎসীমা স্পর্শ করতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপকূলীয় অঞ্চলে সতর্কবার্তা
দেশের উপকূলীয় অঞ্চলের নদীগুলোর ক্ষেত্রেও বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদী যেমন—কীর্তনখোলা, লোয়ার-মেঘনা, পশুর, ইছামতী, কর্ণফুলী, লিটল ফেনী ও নোয়াখালী খালে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার বিরাজমান রয়েছে। আগামী একদিন এই জোয়ারের উচ্চতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
প্রশাসন ও বন্যা পূর্বাভাস কেন্দ্র বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিয়েছে।
জেএস

ডেসটিনি ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











