ঝড়ের পূর্বাভাসে বাতিল কেটি পেরির কনসার্ট

ছবি: সংগৃহীত
প্রতিকূল আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে মার্কিন পপ তারকা কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট।
বেলজিয়ামের ঐতিহ্যবাহী ‘ভেরখটার বুটিক’ উৎসবে তার পারফর্ম করার কথা ছিল। তবে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আয়োজক কর্তৃপক্ষ অনুষ্ঠানটি স্থগিত করে।
কনসার্ট বাতিলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে এক আবেগঘন বার্তা দেন কেটি পেরি। তিনি লেখেন, বৈরী আবহাওয়া এবং নিরাপত্তাজনিত কারণে সরকারি নির্দেশনায় শোটি বাতিল করা হয়েছে। মঞ্চের পেছনে প্রস্তুতির সময়ই তিনি এ খবর পান বলে জানান।
তিনি আরও বলেন, দর্শকদের মতো তিনিও হতাশ হয়েছেন এবং বিষয়টি সম্পূর্ণ তার নিয়ন্ত্রণের বাইরে ছিল। তবে ৫৫ হাজার দর্শকের নিরাপত্তাই তার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।
১৭ বছর পর ‘ভেরখটার বুটিক’ উৎসবে কেটি পেরির পারফর্ম করার কথা ছিল। এর আগে ২০০৯ সালে সর্বশেষ তিনি এই মঞ্চে গান পরিবেশন করেছিলেন।
আয়োজকরা জানান, ঝুঁকিপূর্ণ আবহাওয়ার কারণে পুরো ইভেন্টটি নিরাপদভাবে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিনের লাইনআপে কেটি পেরির পাশাপাশি পিটবুল, মিকা, জেমস আর্থারসহ আরও কয়েকজন শিল্পীর পারফর্ম করার কথা ছিল।
দর্শকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ।
এজেএ

বিনোদন ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






