দেশজুড়ে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষা পরিচালনায় স্বচ্ছতা, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি এবং বেশ কয়েকটি নতুন নির্দেশনা কার্যকর করেছে শিক্ষা বোর্ডগুলো। তবে একাদশ শ্রেণিতে নিবন্ধন করেও এবার পরীক্ষায় অংশ নিতে পারেনি প্রায় ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী, যা মোট নিবন্ধিত শিক্ষার্থীর প্রায় ৩৬ শতাংশ।

শিক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়া, প্রয়োজনীয় উপস্থিতি নিশ্চিত করতে না পারা, ফরম পূরণ না করা, শিক্ষাপ্রতিষ্ঠরনের অভ্যন্তরীণ মূল্যায়নে উত্তীর্ণ না হওয়া অথবা ব্যক্তিগত বিভিন্ন কারণে চূড়ান্ত এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়নি।

এবারের এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্রের নিরাপত্তা ও নকল প্রতিরোধে প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে কঠোর তদারকির পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ, ডিজিটাল যোগাযোগব্যবস্থা এবং কেন্দ্রভিত্তিক মনিটরিং জোরদার করা হয়েছে।

পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালে মোবাইল ফোন, স্মার্টওয়াচসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

শিক্ষাবিদদের মতে, নিবন্ধন করা সব শিক্ষার্থী শেষ পর্যন্ত এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারে না। নিয়মিত ক্লাসে অনুপস্থিতি, শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়া, একাডেমিক দুর্বলতা, আর্থিক সমস্যা এবং ব্যক্তিগত কারণ—এসবই পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ।

তাদের মতে, এত বড় সংখ্যক শিক্ষার্থীর পরীক্ষার বাইরে থেকে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক। ঝরে পড়ার প্রকৃত কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা ও শিক্ষাবান্ধব পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, সুষ্ঠু, নকলমুক্ত ও প্রশ্নফাঁসমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন, শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে পরীক্ষা তদারকিতে কাজ করছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নিয়ম, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং কঠোর প্রশাসনিক ব্যবস্থার ফলে এবারও এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হবে।

ইউ