পেশাজীবীদের নিরাপত্তায় ন্যায্য পে-স্কেল, শক্তিশালী অর্থনীতি ও বীমা কাঠামোর আহ্বান

ছবি: সংগৃহীত
পেশাজীবীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে যুগোপযোগী পে-স্কেল, জীবন ও স্বাস্থ্যবীমার সম্প্রসারণ এবং কার্যকর সামাজিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের (বিপিএফ) নেতৃবৃন্দ।
সম্প্রতি রাজধানীর মালিবাগে রাজবাড়ি কুইজিন চাইনিজ রেস্তোরাঁয় বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (বিপিএফ) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘পেশাজীবীদের নিরাপত্তা: অর্থনীতি, পে-স্কেল ও বীমার গুরুত্ব’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট লেখক সরকার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিক্ষাবিদ জামাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে উদ্বোধক ছিলেন অতিরিক্ত সচিব (অব.) অসিত কুমার মুকুটমনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ মো. মফিজ উদ্দিন খান। প্রধান আলোচক ছিলেন কবি অধ্যাপক ড. মোস্তফা দুলাল এবং মূল বক্তা ছিলেন ইসলামি ফাউন্ডেশনের সাবেক গভর্নর ও ইসলামি চিন্তাবিদ অধ্যক্ষ ড. মুফতি মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার সালেহী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জীবন বীমা করপোরেশনের ব্রাঞ্চ ম্যানেজার মানস কুমার আচার্য।
এ ছাড়া সমাজ বিশ্লেষক, সাংবাদিক, আইনজীবী, নারী উদ্যোক্তা এবং বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সেমিনারে অংশ নিয়ে মতামত তুলে ধরেন।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা ও সুশাসন নিশ্চিত করতে পেশাজীবীদের মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ এবং ভবিষ্যৎ আর্থিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি। এজন্য ন্যায্য ও বাস্তবসম্মত পে-স্কেল প্রণয়ন, জীবন ও স্বাস্থ্যবীমার আওতা বৃদ্ধি এবং শক্তিশালী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সরকার, বেসরকারি খাত, বীমা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
সমাপনী বক্তব্যে বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সরকার মো. আবুল কালাম আজাদ বলেন, পেশাজীবীদের ন্যায্য অধিকার, মর্যাদা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠনটি অতীতের মতো ভবিষ্যতেও গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালন করবে। তিনি বলেন, পেশাজীবীবান্ধব নীতিমালা, বাস্তবসম্মত পে-স্কেল, বীমা সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগই একটি কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অর্থনীতি ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






