উন্নয়নের বদলে সিংগাইরবাসীর গলার কাঁটা এই সেতু

ছবি: ডেসটিনি প্রতিনিধি
মানুষের যাতায়াত সহজ করতে প্রায় ৫৭ লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় আট বছর ধরে ব্যবহার করতে পারছেন না এলাকাবাসী। ফলে উন্নয়নের সুফল নয়, বরং দুর্ভোগই বেড়েছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের উত্তর কানাইনগর গ্রামের কয়েক হাজার মানুষের।
সরেজমিনে দেখা যায়, উত্তর কানাইনগর বটতলা খালের ওপর নির্মিত ৬০ ফুট দৈর্ঘ্যের সেতুটির দুই পাশে প্রয়োজনীয় সংযোগ সড়ক নির্মাণ কিংবা মাটি ভরাট করা হয়নি। ফলে সেতুটি নির্মাণের পর থেকেই কার্যত অচল। স্থানীয়রা নিজ উদ্যোগে মাটি ফেলে সরু পথ তৈরি করে হেঁটে চলাচল করলেও যানবাহন চলাচল করতে পারছে না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০১৫-১৬ অর্থবছরে ৫৬ লাখ ৮৯ হাজার ১০৬ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এএইচএম ব্রিকস। ২০১৮ সালে তৎকালীন সংসদ সদস্য মমতাজ বেগম সেতুটির উদ্বোধন করেন। তবে দীর্ঘ আট বছরেও সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সেতুটি জনসাধারণের কাজে আসছে না।
স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলাম বলেন, সেতু নির্মাণে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতির আশা ছিল। কিন্তু সংযোগ সড়ক না থাকায় যানবাহন চলাচল সম্ভব হচ্ছে না। এতে উপকারের পরিবর্তে ভোগান্তিই বেড়েছে।
খালেক মোল্লা বলেন, সেতু নির্মাণের আগে শুকনো মৌসুমে কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল সহজেই আনা-নেওয়া যেত। এখন সেতু থাকলেও ব্যবহার করা যায় না।
মুফতি জাকির হোসেন বলেন, সংযোগ সড়কের অভাবে দীর্ঘদিন ধরে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত টেকসই প্রকল্পের আওতায় সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি চলাচলের উপযোগী করার দাবি জানান তিনি।
এ বিষয়ে সিংগাইর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আহাদী হোসেন বলেন, সেতুটির বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে ইউনিয়ন পরিষদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইউ

হাবিবুর রহমান, সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।







