সাংবাদিকের ছবি বিকৃত করে অপপ্রচার ও হুমকির ঘটনায় থানায় অভিযোগ

ছবি: প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে কামরুল কানন নামের এক সাংবাদিকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বিকৃত করে অপপ্রচার চালানো এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক গত ২০ জুলাই চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ বৃহস্পতিবার (২৩জুলাই) সকালে অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু বিষয়টি প্রযুক্তিগত (সাইবার ক্রাইম), তাই সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বিভাগের কাছে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক কামরুল কানন একটি বেসরকারি টেলিভিশনের নোয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ট্রেজারার এবং নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ১৮ জুলাই তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে রাজনৈতিক দুর্বৃত্তায়ন নিয়ে একটি পোস্ট দেন, যেখানে সুনির্দিষ্টভাবে কারও নাম বা পরিচয় উল্লেখ করা হয়নি। ওই পোস্ট দেওয়ার ঠিক পরপরই অভিযুক্তরা নিজেদের ফেসবুক আইডিতে ওই সাংবাদিকের নাম ও ছবি বিকৃত করে বিভিন্ন মানহানিকর পোস্ট দেয় এবং তাকে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন— মো. সুমন, মোহন (প্রকাশ ‘ঠোঁট কাটা মোহন’), রাজু খান, মহিন এবং হাফিজুর রহমান শাওন।
ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ করেন, ১ ও ২ নম্বর আসামি এলাকায় নিজেদের যুবদল পরিচয়ে প্রভাব বিস্তার করে এবং স্থানীয় এক সংসদ সদস্যের সঙ্গে সখ্যতার কথা বলে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে জমি দখলসহ নানা অপকর্মে লিপ্ত রয়েছে। এছাড়া ৩ নম্বর আসামি অতীতে সশস্ত্র ক্যাডার হিসেবে পরিচিত ছিল এবং মাদক ব্যবসার সঙ্গেও জড়িত বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে ৫ নম্বর আসামি এসব অপপ্রচারমূলক ও মানহানিকর পোস্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে দিয়ে তার সামাজিক সম্মানহানি করছেন।
কামরুল কানন আরও উল্লেখ করেন, অভিযুক্তদের এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড তার দীর্ঘ দুই দশকের সাংবাদিকতা জীবনের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে এবং বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
এ ঘটনায় তিনি চাটখিল থানায় লিখিত অভিযোগ দিয়ে দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
জেএস

বিশেষ প্রতিনিধি, নোয়াখালী
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।






