বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০,৫৮৮ কোটি টাকা: অর্জনে নানা চ্যালেঞ্জ

ছবি: ডেসটিনি প্রতিনিধি
২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি হওয়া পণ্যের বিপরীতে ১০ হাজার ৫৮৮ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগের অর্থবছরের তুলনায় নতুন লক্ষ্যমাত্রা ৭০২ কোটি টাকা কম হলেও তা অর্জনকে এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে কাস্টমস হাউসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ২৯০ কোটি টাকা। কিন্তু অর্থবছর শেষে আদায় হয় মাত্র ৬ হাজার ৫৫৯ কোটি টাকা, ফলে রাজস্ব ঘাটতি দাঁড়ায় ৪ হাজার ৭৩১ কোটি টাকা। একই সময়ে বন্দর দিয়ে আমদানিকৃত পণ্যের পরিমাণও প্রায় ১ লাখ ৯৭ হাজার মেট্রিক টন কমে যায়।
নতুন অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ আশাবাদী হলেও ব্যবসায়ীরা মনে করছেন, এটি সহজ হবে না। তাদের মতে, বৈধ আমদানি বাণিজ্য সম্প্রসারণ, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, পণ্য পাচার ও রাজস্ব ফাঁকি কার্যকরভাবে রোধ, বাণিজ্যের ওপর বিদ্যমান বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কাস্টমস ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
কাস্টমস সূত্র জানায়, গত ছয় মাসে বেনাপোল কাস্টমসে ১৩০টি জালিয়াতির ঘটনা শনাক্ত হয়েছে। এছাড়া গত মাসে প্রায় ২০ কোটি টাকার পণ্য পাচারের অভিযোগে দায়ের হওয়া চারটি মামলায় কাস্টমস, বন্দর, নিরাপত্তা সংস্থা ও ব্যবসায়ীসহ ৫৭ জনকে আসামি করা হয়েছে।
বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, “রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমদানি কার্যক্রম বৃদ্ধি, কাস্টমস ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত এবং পাচার ও অনিয়ম দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই।”
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেন, “রাজস্ব আহরণ বাড়াতে কাস্টমস কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন। অনিয়ম ও জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় জরিমানাও আদায় করা হচ্ছে।”
সংশ্লিষ্টদের মতে, রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি বৈধ বাণিজ্যের প্রসার, আমদানি কার্যক্রমে গতি ফিরিয়ে আনা এবং কাস্টমস ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা গেলে বেনাপোল স্থলবন্দর দেশের রাজস্ব আহরণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
ইউ

মো. আনিছুর রহমান,বেনাপোল (যশোর) প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।









