চট্টগ্রামের প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন মাহবুবের রহমান শামীম

ছবি: ডেসটিনি প্রতিনিধি
চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে মোহাম্মদ মাহবুবের রহমান শামীমকে নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।
রোববার (১৯ জুলাই) প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(১) অনুযায়ী নতুন জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা সরকার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আইনটির ধারা ৮২ক(৩) অনুযায়ী প্রশাসক হিসেবে তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের সব ধরনের ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রচলিত বিধি অনুযায়ী তিনি ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধাও পাবেন।
মোহাম্মদ মাহবুবের রহমান শামীম বর্তমানে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।
নিয়োগের প্রতিক্রিয়ায় মাহবুবের রহমান শামীম বলেন, এই দায়িত্ব দেওয়ায় তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, “চট্টগ্রাম জেলা পরিষদের আওতাধীন এলাকার উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলতার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করার চেষ্টা থাকবে।”
ইউ

আব্দুল আউয়াল রোকন
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










