বেনাপোলে ৭১ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার, মূল অভিযুক্ত পলাতক

বেনাপোল থানায় মহিলা পুলিশের সাথে গ্রেপ্তারকৃত দুই নারী ছবি: ডেসটিনি প্রতিনিধি
যশোরের বেনাপোলে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৭৪০ টাকাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। তবে অভিযানের সময় মামলার মূল অভিযুক্ত ফিরোজ পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
গ্রেপ্তার দুই নারী হলেন বেনাপোল পোর্ট থানার নারানপুর কেলের কান্দা এলাকার বাসিন্দা সালমা খাতুন (৩৮) ও আমেনা খাতুন (৪৪)। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ জুলাই) রাত প্রায় ১০টার দিকে নারানপুর কেলের কান্দা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় দুই নারীকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়।
এ সময় মাদক মামলার প্রধান আসামি ফিরোজ পুলিশ উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের আদালতের মাধ্যমে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে। পুলিশ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
ইউ

আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










