ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাইয়ে চালক নিহত, একজন গ্রেপ্তার

পুলিশের পাশে দাড়াঁনো অটোরিকশা ছিনতাইকারী আকাশ আহমেদ ছবি: ডেসটিনি প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় বাধা দিতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন নবীরুল ইসলাম (৫৫) নামে এক অটোরিকশা চালক। ঘটনার পর অভিযান চালিয়ে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার এবং আকাশ আহমেদ নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার সঙ্গে জড়িত আরও দুই ব্যক্তি এখনো পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) রাতে উত্তর লক্ষ্মীপুর এলাকা থেকে লক্ষ্মীপুর বাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে একটি অরক্ষিত রেলক্রসিংয়ের কাছে নবীরুল ইসলামের গতিরোধ করে কয়েকজন দুর্বৃত্ত। তারা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে নবীরুল বাধা দেন। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নবীরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৯ জুলাই) সকালে তিনি মারা যান।
ঘটনার পর ফুলবাড়ী, বিরামপুর ও ঘোড়াঘাট থানা পুলিশের সমন্বিত অভিযানে ঘোড়াঘাট এলাকা থেকে ছিনতাইকৃত অটোরিকশাসহ আকাশ আহমেদকে গ্রেপ্তার করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, গ্রেপ্তার হওয়া আকাশ আহমেদ ফুলবাড়ী পৌরসভার চকশাহাবাজপুর (আমবাগান) এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত লেবু মিয়াসহ পলাতক অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত শেষে নিহত নবীরুল ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ইউ

মোহাম্মদ আজগার আলী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










