চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে উল্টে গেলে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কবলিত বাসটি জোনাকি পরিবহনের বলে জানা গেছে।

আহতরা হলেন— রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) এবং আরিফ মো. ইউসুফ (৫১)।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত ছয়জন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইউ