প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি হারানো এক অসহায় বৃদ্ধের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম এলাকায় টানা বর্ষণে ঘর ধসে পড়ার পর ক্ষতিগ্রস্ত কচাকলা ত্রিপুরার জন্য নতুন একটি বসতঘর নির্মাণ করে তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের তপ্ত মাস্টারপাড়া এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল নতুন ঘরটি কচাকলা ত্রিপুরার হাতে তুলে দেন।

জানা যায়, কয়েকদিনের টানা বর্ষণে কচাকলা ত্রিপুরার মাটির তৈরি বসতঘরটি ধসে পড়ে। বিষয়টি জানতে পেরে গত ১৩ জুলাই মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ক্ষতিগ্রস্ত বৃদ্ধের জন্য দ্রুত একটি নিরাপদ ও টেকসই ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই নির্মাণকাজ শেষ করে ঘরটি তার কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে মেজর আলতাফ মাহমুদ রুবেল বলেন, দেশের সার্বভৌমত্ব ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি এবং মানবিক সহায়তা নিশ্চিত করাও বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। তিনি জানান, দুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত কচাকলা ত্রিপুরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন। সেনাবাহিনীর এই সহযোগিতা তাকে নতুন করে বেঁচে থাকার সাহস ও আশার আলো দেখিয়েছে। তিনি সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য ও কল্যাণ কামনা করেন।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রচার সম্পাদক সুনি ত্রিপুরা, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

ইউ