বন্যাকবলিত চট্টগ্রামে ত্রাণ সহায়তা জোরদার করল বিজিএমইএ

ছবি: সংগৃহীত
চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ত্রাণ কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। দুর্গত মানুষের কাছে দ্রুত খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করছে সংগঠনটি।
বিজিএমইএ জানায়, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমানের উদ্যোগ এবং ভারপ্রাপ্ত প্রথম সহ-সভাপতি এনামুল আজিজ চৌধুরীর তত্ত্বাবধানে গত ১৪ ও ১৬ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং জেলা পুলিশের কাছে মোট ৪০০ বস্তা ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়। এসব ত্রাণসামগ্রী বন্যাদুর্গত এলাকায় দ্রুত বিতরণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।
ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে বিজিএমইএর পরিচালক এস. এম. আবু তৈয়ব, এমডি. এম. মহিউদ্দিন চৌধুরী, সাবেক পরিচালক খন্দকার বেলায়েত হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিএমপি ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
ত্রাণ গ্রহণের সময় সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এবং চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বিজিএমইএর উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, প্রশাসনের তত্ত্বাবধানে দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় এসব ত্রাণ ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে।
এর আগে ১৫ জুলাই বিজিএমইএর প্রতিনিধিদল চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত সহস্রাধিক পরিবারের মধ্যে খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করে।
বিজিএমইএর নেতারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের সামাজিক দায়বদ্ধতার অংশ। তারা মনে করেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণও সমানভাবে গুরুত্বপূর্ণ।
সংগঠনটি আরও জানায়, দেশের তৈরি পোশাক শিল্পের প্রতিনিধিত্বের পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে বিজিএমইএ ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।
ইউ

চট্টগ্রাম ব্যুরো
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










