নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত
নরসিংদীর শিবপুরে এইচএসসি পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে শিবপুর উপজেলার ইটাখোলা-শিবপুর সড়কের বাজনাবো বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাফিজ, নরসিংদীর হাজীপুর গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে এবং স্বাধীন, একই গ্রামের আসাদ উল বেপারীর ছেলে। তারা দুজনই আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিবপুর শহীদ আসাদ কলেজ কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নাফিজ ও স্বাধীন। পথে বাজনাবো বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ইটাখোলা থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।
খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া জানান, দুর্ঘটনার পর নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নরসিংদী প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










