জাতিকে সুশিক্ষিত করে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। এই দায়িত্ব পালনে যত ট্রল বা অপবাদই আসুক না কেন, কোনো কিছুই তাকে তার পথ থেকে বিচ্যুত করতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

শনিবার (১৮ জুলাই) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে তিনি বরুনকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের নামফলক উন্মোচন এবং বেলুন উড়িয়ে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এইচএসসি পরীক্ষা ও ট্রল প্রসঙ্গে শিক্ষামন্ত্রী

সম্প্রতি এইচএসসি পরীক্ষা নিয়ে নিজের বিরুদ্ধে হওয়া আন্দোলনের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা পেছানোর দাবিতে এক শিক্ষার্থী আমার সঙ্গে কথা বলেছিল। কিন্তু জাতীয় পর্যায়ের পরীক্ষা ইচ্ছামতো পরিবর্তন করার সুযোগ নেই। আবহাওয়া অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘বৃষ্টির কারণে একটি নির্দিষ্ট কেন্দ্রে সমস্যা হলেও তা সমাধানের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে কিছু মহল বিষয়টিকে নিয়ে নেতিবাচক বর্ণনা তৈরি করেছে। যারা আমাকে নিয়ে ট্রল করেছে, তাদের অনেকেই পরীক্ষার্থী ছিল না। এটি ছিল মূলত একটি অপপ্রয়াস।’ একজন শিক্ষকের কটূক্তির জবাবে মন্ত্রী বলেন, ‘পরীক্ষা ছাড়া যেমন ডিগ্রি অর্জন সম্ভব নয়, তেমনি পরীক্ষা ছাড়া কোনো সনদও গ্রহণযোগ্য নয়।’

শিক্ষার মান ও বাজেট নিয়ে মন্তব্য

শিক্ষামন্ত্রী বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ভাবনায় শিক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার। তারই ধারাবাহিকতায় শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য বাংলাদেশকে বিশ্বের অন্যতম শিক্ষাকেন্দ্রে পরিণত করা।’ তিনি শিক্ষার্থীদের শুধু চাকরির পেছনে না ছুটে দক্ষতা অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক মানের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশিষ্টজনদের অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়ের এই যাত্রা জেলার ইতিহাসে এক মাইলফলক। আন্দোলনের নামে অটোপাস বা নকলের সুযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২২ সালে আইন পাস হওয়ার পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হিসাববিজ্ঞান ও আইন বিভাগে মোট ৮০ জন শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নওগাঁ বিশ্ববিদ্যালয়।

জেএস