জরিপ শেষে বন্যার্তদের পুনর্বাসন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার সব ধরনের পুনর্বাসন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘সরকার বন্যার্ত মানুষের পাশে রয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ জরিপ শেষে দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামো সংস্কার করা হবে।’
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ চলছে। কৃষকদের সহায়তায়ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।’
ত্রাণ বিতরণ শেষে মন্ত্রী চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা শোনেন এবং পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার কঠোর নির্দেশনা দেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজারের জেলা প্রশাসক, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, বেলা সোয়া ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজলসহ জেলা বিএনপির নেতারা।
বিমানবন্দর থেকে মন্ত্রী তার নিজ নির্বাচনি এলাকা পেকুয়া উপজেলায় যান। সেখানে তিনি বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।
জেএস

কক্সবাজার প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।









