ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়লেও অল্পের জন্য রক্ষা পেলেন অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত
চট্টগ্রামের চন্দনাইশে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নেতাকর্মীদের অতিরিক্ত ভিড়ে মঞ্চ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা পড়ে গেলেও বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চন্দনাইশ উপজেলার দোহাজারীতে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন এই ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করেছিলেন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠান শুরুর আগে থেকেই মঞ্চে স্থানীয় নেতাকর্মীদের প্রচণ্ড ভিড় ছিল। অতিরিক্ত চাপ সামলাতে মাইকে বারবার নেতাকর্মীদের মঞ্চ থেকে নেমে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছিল। কিন্তু তা উপেক্ষা করেই অনেকে মঞ্চে অবস্থান করেন। পরবর্তীতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মঞ্চে আরোহণ করলে নেতাকর্মীদের চাপ আরও বেড়ে যায়। এর কয়েক মিনিটের মধ্যেই মঞ্চটি পুরোপুরি ভেঙে নিচে পড়ে যায়।
তবে সৌভাগ্যবশত, মঞ্চ ভেঙে পড়লেও মন্ত্রী ও উপস্থিত নেতাকর্মীরা কোনো আঘাত পাননি। তারা সবাই অক্ষত রয়েছেন।
ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে মাইকে উপস্থিত নেতাকর্মীদের শান্ত থাকার অনুরোধ জানানো হয়। বড় কোনো বিশৃঙ্খলা না ঘটায় মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ওই ভাঙা মঞ্চে দাঁড়িয়েই কয়েকজন বন্যার্তের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। এরপরই তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, ‘মঞ্চে যাতে অতিরিক্ত মানুষ না ওঠে সেজন্য বারবার ঘোষণা দেওয়া হয়েছিল। মূলত ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষের ভারেই মঞ্চটি ভেঙে পড়েছে। আল্লাহর রহমতে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং মন্ত্রীসহ সবাই নিরাপদ আছেন।’
জেএস

চট্টগ্রাম ব্যুরো
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










