হবিগঞ্জে বন্যা আতঙ্ক/ তিন নদীর পানি বিপৎসীমার ওপর, ঝুঁকিতে শহর রক্ষা বাঁধ

ছবি: সংগৃহীত
টানা দুই দিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের নদ-নদীর পানি ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে। খোয়াই ও কালনী-কুশিয়ারা নদীসহ জেলার প্রধান তিনটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় হবিগঞ্জ শহর রক্ষা বাঁধসহ আশপাশের নিম্নাঞ্চল বন্যার উচ্চ ঝুঁকিতে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বুধবার দুপুর পর্যন্ত খোয়াই নদীর চুনারুঘাটের বাল্লা সীমান্ত পয়েন্টে পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার এবং কালনী-কুশিয়ারা নদীর আজমিরীগঞ্জ পয়েন্টে ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাতের ফলে খোয়াই নদীর চাকমা গেট খুলে দেয়ায় পানির প্রবাহ তীব্র আকার ধারণ করেছে। এছাড়া ধলেশ্বরী, সুতাং ও সোনাই নদীসহ অন্যান্য নদ-নদীতেও পানি দ্রুত বাড়ছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান জানিয়েছেন, খোয়াই নদীর পানি যে গতিতে বাড়ছে, তাতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধের বিভিন্ন অংশ বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে। বাঁধের দুর্বল স্থানগুলোতে যেকোনো সময় ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে, যা নদী তীরবর্তী মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৯ দশমিক ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। হবিগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বন্যার পূর্বাভাস না থাকলেও সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। জেলা প্রশাসন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নদীতীরবর্তী বাসিন্দারা তাদের গবাদি পশু ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন।
জেএস

হবিগঞ্জ প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










