জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অবমাননাকর বক্তব্য প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্ট ও ভিডিও প্রকাশের অভিযোগ এনে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনসহ মোট ছয়জনের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

রোববার (৫ জুলাই) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম সুইট এই অভিযোগটি করেন।

অভিযোগে বলা হয়েছে, জুলাই যুদ্ধে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ শহীদ এবং ৩০ হাজারের বেশি মানুষ আহত ও পঙ্গুত্ববরণ করেছেন, যা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে অভিযুক্ত ব্যক্তিরা প্রকাশ্যে জুলাই যুদ্ধ, এর স্মৃতিচিহ্ন এবং আন্দোলনের অংশগ্রহণকারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি করছেন।

অভিযোগে উল্লিখিত ছয় ব্যক্তি ও তাদের বিরুদ্ধে আনা অভিযোগসমূহ হলো:

মেহের আফরোজ শাওন: ভিডিও বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই যুদ্ধকে বিতর্কিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা এবং অবমাননাকর মন্তব্য করার অভিযোগ।

শান্তা ফারজানা: জুলাই যুদ্ধের স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা প্রদর্শনের ভিডিও প্রকাশের অভিযোগ।

মাহিয়া মাহি: জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তি ও সংগঠনগুলোকে কটাক্ষ করার অভিযোগ।

অন্যান্যরা: সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম এবং মোমিন মেহেদীর সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ড জুলাই যুদ্ধের চেতনা ক্ষুণ্ন করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী এস এম সুইট জানান, তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন এবং শহীদ ও আহতদের স্মৃতি তার জন্য অত্যন্ত আবেগপূর্ণ। তিনি বলেন, এই আন্দোলন নিয়ে কোনো প্রকার ব্যঙ্গ-বিদ্রূপ বা কটাক্ষ মেনে নেওয়া সম্ভব নয়।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জেএস