মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে গোড়ালির চোটে মাঠ ছাড়ার পর থেকেই কিলিয়ান এমবাপ্পের খেলা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে ফরাসি ভক্তদের জন্য বড় স্বস্তির খবর দিলেন প্রধান কোচ দিদিয়ের দেশম। তিনি নিশ্চিত করেছেন, ফরাসি সুপারস্টার এখন শতভাগ সুস্থ এবং সেমিফাইনালে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত।
দেশমের কণ্ঠে আশার বাণী
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে দেশম এমবাপ্পের শারীরিক অবস্থা নিয়ে বলেন, “কিলিয়ান ভালো অনুভব করছে। সে এখন শতভাগ ফিট। এর চেয়ে বেশি ফিট হওয়া আসলে সম্ভব নয়।”
সোমবার এমবাপ্পেকে কিছুটা সীমিত আকারে অনুশীলন করতে দেখা গেলেও, কোচ জানালেন এটি কেবল সতর্কতামূলক ব্যবস্থা। অনুশীলনের কোনো একটি ড্রিলে অন্যদের ১৫ মিনিটের বিপরীতে তাকে ১০ মিনিট করার অনুমতি দেওয়া হয়েছিল, তবে তা নিয়ে উদ্বেগের কিছু নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশম।
বিশ্বকাপে এমবাপ্পের রাজত্ব
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত এমবাপ্পের ফর্ম ঈর্ষণীয়। ছয় ম্যাচে আট গোল করে গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে লিওনেল মেসির সাথে যৌথভাবে শীর্ষে রয়েছেন তিনি। তবে অ্যাসিস্টের হিসেবে মেসিকে পেছনে ফেলেছেন এই ফরাসি তারকা। মেসির দুটি অ্যাসিস্টের বিপরীতে এমবাপ্পের নামের পাশে রয়েছে তিনটি।
সব মিলিয়ে এবারের আসরে ১১টি গোলে সরাসরি অবদান রেখেছেন এমবাপ্পে। ১৯৭০ বিশ্বকাপে জার্মানির কিংবদন্তি গার্ড মুলারের ১৩ গোল অবদানের পর কোনো এক বিশ্বকাপের আসরে এটিই সর্বোচ্চ অবদান। মরক্কোর বিপক্ষে শেষ ম্যাচেও ফ্রান্সের প্রথম গোলটি ছিল তার এবং দ্বিতীয় গোলে ছিল তার অ্যাসিস্ট। মূলত গোড়ালির চোটের কারণে ঝুঁকি এড়াতে ৭৬তম মিনিটে তাকে তুলে নিয়েছিলেন কোচ।
লক্ষ্য টানা তৃতীয় ফাইনাল
আগামীকাল মঙ্গলবার টেক্সাসের আর্লিংটনে স্পেনের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। ১৯৯৪ থেকে ২০০২ সালের মধ্যে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা তিনটি বিশ্বকাপ ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন এমবাপ্পেরা। ফরাসি আক্রমণভাগের এই প্রাণভোমরা পুরোপুরি ফিট থাকায় এখন স্পেনের রক্ষণভাগের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
জেএস