প্রধানমন্ত্রী থাকাকালে বেতনের প্রায় পুরোটাই এতিমখানায় দান করতেন খালেদা জিয়া: মারুফ কামাল খান

ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নিজের প্রাপ্য বেতনের প্রায় পুরো অংশই এতিমখানাসহ বিভিন্ন দাতব্য কাজে ব্যয় করতেন বলে জানিয়েছেন তার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।
মঙ্গলবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে মারুফ কামাল খান উল্লেখ করেন, ১৯৯১ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি সরকারি নিয়ম অনুযায়ী প্রাপ্য বেতন থেকে মাত্র ১ টাকা গ্রহণ করতেন এবং বাকি অর্থ এতিমখানায় দান করে দিতেন।
সাবেক এই প্রেস সচিব জানান, পরবর্তীতে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালনকালেও তিনি প্রাপ্ত বেতনের একটি বড় অংশ দুস্থ, দরিদ্র ও এতিমদের সহায়তায় ব্যয় করেছেন। এ ছাড়া অনেক মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার খরচও তিনি ব্যক্তিগতভাবে বহন করেছেন।
খালেদা জিয়ার এসব কার্যক্রমের কথা তুলে ধরতে গিয়ে মারুফ কামাল খান একটি উদাহরণ দেন। তিনি জানান, ২০০১ সালে এসএসসি পরীক্ষায় মেধাতালিকায় প্রথম হওয়া এক দরিদ্র শিক্ষার্থীর উচ্চশিক্ষার সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছিলেন খালেদা জিয়া। তিনি উল্লেখ করেন, ওই শিক্ষার্থী পরবর্তীতে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে সরকারের একজন যুগ্ম সচিব হিসেবে কর্মরত রয়েছেন।
তবে এসব মানবিক কাজের কথা প্রচারের ক্ষেত্রে খালেদা জিয়া বরাবরই অনাগ্রহী ছিলেন বলেও পোস্টে উল্লেখ করেন মারুফ কামাল খান। তিনি জানান, প্রচারবিমুখ হওয়ার কারণেই তার এই মহতী উদ্যোগগুলো তৎকালীন সময়ে জনসমক্ষে সেভাবে আসেনি।
জেএস

ডেসটিনি ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











