প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে মোট ৮টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুমোদিত ৮টি প্রকল্পের মধ্যে ৩টি নতুন এবং ৫টি সংশোধিত প্রকল্প রয়েছে।
এই প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং বৈদেশিক প্রকল্প ঋণ হিসেবে আসবে ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা।
একনেক সভায় অনুমোদিত ৮টি প্রকল্প হলো:
১. স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়:
সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (জিএসআইডিপি-২) (১ম সংশোধন) প্রকল্প।
বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প।
পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প।
২. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়:
দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প (৩য় সংশোধিত)।
৩. সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়:
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প (২য় সংশোধন)।
৪. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়:
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, সিলেট বিভাগ (৩য় সংশোধন)।
১টি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ (বেগমগঞ্জ-৫) এবং ২টি অনুসন্ধান কূপ (বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২) খনন প্রকল্প।
৫. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়:
মেডিকেল কলেজ হাসপাতালসমূহে বিদ্যমান কিডনি ডায়ালাইসিস সেন্টার ৫০ শয্যায় উন্নীতকরণ এবং জেলা সদর হাসপাতালসমূহে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন (২য় সংশোধন) প্রকল্প।
এছাড়া সভায় পরিকল্পনা মন্ত্রী ৫০ কোটি টাকার কম ব্যয়ে ইতোমধ্যে অনুমোদিত ১১টি প্রকল্প সম্পর্কে একনেক সভাকে অবহিত করেন। এর মধ্যে রয়েছে— জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩টি আঞ্চলিক অফিস স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প, বরিশাল টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন (২য় সংশোধিত), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন প্রকল্প, নলকা-সিরাজগঞ্জ-সয়দাবাদ আঞ্চলিক মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বিদ্যুৎ খাতের সংশোধিত প্রকল্পসমূহ।
উক্ত একনেক সভায় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেএস