চলতি বছর না হলেও আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইনস্টিটিউটে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকার স্থানীয় সরকারকে কার্যকর করতে বদ্ধপরিকর। ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ আগামীতে সব নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা নির্বাচিত হবেন।তৃণমূলের জনপ্রতিনিধিদের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, "গ্রামগঞ্জের মানুষের সবচেয়ে কাছের প্রতিনিধি হলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা।
জনগণের সার্বিক সমস্যা, চাহিদা এবং সম্ভাবনা সম্পর্কে তাদের সমকক্ষ কেউ এতটা অবগত নন। তাই দেশের প্রকৃত উন্নয়ন ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করতে হবে।"স্থানীয় জনপ্রতিনিধিদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ইঙ্গিত দিয়ে মন্ত্রী জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা একটি সম্মানজনক পর্যায়ে উন্নীত করার বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।
পাশাপাশি জনপ্রতিনিধিদের কল্যাণে একটি বিশেষ ট্রাস্ট ও তহবিল গঠনের বিষয়েও সরকার ইতিবাচক উদ্যোগ গ্রহণ করবে।চলতি বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, এই কল্যাণমুখী কার্যক্রমে জনপ্রতিনিধিদের সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে হবে এবং সরকারি ত্রাণ যেন সঠিকভাবে সঠিক মানুষের কাছে পৌঁছায়, সেদিকে নজর রাখতে হবে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সহজে বরখাস্ত করার প্রবণতা রোধে প্রয়োজনীয় আইন প্রণয়নের বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানান মন্ত্রী। তার মতে, এমন আইন বাস্তবায়িত হলে স্থানীয় জনপ্রতিনিধিরা আরও অধিক স্বাধীনভাবে ও সাহসিকতার সঙ্গে নিজ দায়িত্ব পালন করতে পারবেন।সংগঠনের নেতাদের উদ্দেশে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সব বিভাগ ও জেলার প্রতিনিধিত্ব নিশ্চিত করে একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক কমিটি গঠন করতে হবে। কাউকে বাদ দিয়ে নয়, দেশের স্বার্থে বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ করে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
জেএস