রাজধানীর কাফরুল থানার মিরপুর-১৩ এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইউসুফ আলী (৪৫) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় অস্ত্রধারী এক সন্দেহভাজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১৩ এর ই-ব্লকে ওপেক্স গার্মেন্টসের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী কাফরুল থানা যুবদলের কর্মী ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার শাকরাইল এলাকায়। তিনি মৃত শাহজাহানের ছেলে এবং কাফরুল এলাকায় বসবাস করতেন।
গুলিবিদ্ধ অপর দুইজন হলেন—ফুটপাতের কাপড় ব্যবসায়ী মনির হোসেন (৩২) এবং কাঁচামাল ব্যবসায়ী নালাম সরদার (৪৫)। তাদের মধ্যে নালাম সরদারের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইউসুফ আলীসহ কয়েকজন স্থানীয় ব্যক্তি মিরপুর-১৩ এলাকার ওপেক্স গার্মেন্টসের সামনে অবস্থান করছিলেন। এ সময় ৪ থেকে ৫ জন অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ সেখানে এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে ইউসুফ আলী, নালাম সরদার ও মনির হোসেন গুলিবিদ্ধ হন।
গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে হামলাকারীদের ধাওয়া করেন এবং অস্ত্রসহ একজনকে হাতেনাতে আটক করেন। পরে বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিয়ে কাফরুল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
আহতদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,
নিহত ইউসুফ আলীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আহত মনির হোসেনের বাম পায়ে এবং নালাম সরদারের মাথার ডান পাশে গুলি লেগেছে। বর্তমানে তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবর্ষণের ঘটনায় তিনজন আহত হয়েছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতাকর্মীরা। ঢাকা উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল ইসলাম মিরাজ জানান, ঘটনাস্থল থেকে পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা পুলিশি তদন্তের পর স্পষ্ট হবে।
এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে।
জেএস