উত্তেজনায় দুই লাল কার্ড ফাইনালে হতাশার রাতে ৯ জনে শেষ আর্জেন্টিনা

আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে সংঘর্ষ ছবি: সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ের একমাত্র গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। তবে ম্যাচের ফলের পাশাপাশি শেষ বাঁশির পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিও আলোচনায় উঠে এসেছে। সেই ঘটনার জেরে আর্জেন্টিনার দুই ফুটবলারকে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি।
ম্যাচ শেষ হওয়ার পর স্পেনের খেলোয়াড়রা শিরোপা জয়ের উচ্ছ্বাসে মেতে উঠলে মাঠে উত্তেজনার সৃষ্টি হয়। উদযাপনের সময় দুই দলের কয়েকজন ফুটবলারের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়।
এ সময় আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত মাঠে ছুটে আসেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ও সহকারী কোচ ওয়াল্টার সামুয়েল। পরে দুই দলের খেলোয়াড়দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনার সময় স্পেনের তরুণ মিডফিল্ডার গাভিও পারেদেসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন। এতে কয়েকজন খেলোয়াড় মাটিতে পড়ে যান। যদিও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং স্পেন তাদের শিরোপা উদযাপন অব্যাহত রাখে।
তবে ম্যাচ-পরবর্তী প্রতিবেদনে পারেদেসের আচরণকে আগ্রাসী হিসেবে উল্লেখ করেন রেফারি স্লাভকো ভিনচিক। সেই প্রতিবেদনের ভিত্তিতে খেলা শেষ হওয়ার পরও তাকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।
এর আগে ম্যাচ চলাকালেই আর্জেন্টিনা বড় ধাক্কা খায়। স্পেনের পাউ কুবার্সির ওপর ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এনজো ফার্নান্দেজ। ফলে তাকে মাঠ ছাড়তে হয় এবং দ্বিতীয়ার্ধের ইনজুরি সময় থেকে ১০ জনের দল নিয়ে খেলতে বাধ্য হয় আর্জেন্টিনা।
ফাইনাল শেষে পারেদেসের ম্যাচ-পরবর্তী লাল কার্ড এবং এনজো ফার্নান্দেজের বহিষ্কার—এই দুই লাল কার্ডে হতাশার রাত আরও তিক্ত হয়ে ওঠে আর্জেন্টিনার জন্য। শিরোপা হারানোর বেদনার সঙ্গে শৃঙ্খলাজনিত এই ঘটনাও যোগ হয়েছে তাদের বিশ্বকাপ ফাইনালের স্মৃতিতে।
ইউ

স্পোর্টস ডেস্ক
© 2026 Daily Destiny. All rights reserved.












