ট্রাম্পের হস্তক্ষেপ/ ফিফার সিদ্ধান্তে বেলজিয়ামের ক্ষোভ

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের তারকা ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের ওপর আরোপিত এক ম্যাচের নিষেধাজ্ঞা নাটকীয়ভাবে প্রত্যাহার করে নিয়েছে ফিফা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর দাবি, হোয়াইট হাউসের সরাসরি তদবির ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পৃক্ততার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন বালোগুন। ফলে বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে ম্যাচের আগের দিন ফিফার ডিসিপ্লিনারি কমিটি বিশেষ বিবেচনায় তার শাস্তি স্থগিত করে। ফিফা জানায়, শৃঙ্খলা বিধির ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ম্যাচ পাতানোর মতো অপরাধ না হলে বিশেষ পরিস্থিতিতে লাল কার্ডের শাস্তি স্থগিত রাখা সম্ভব। তবে বালোগুনকে আগামী এক বছর কড়া পর্যবেক্ষণে থাকতে হবে।
ফিফার এই সিদ্ধান্তের পর সোশ্যাল মিডিয়ায় সংস্থাটিকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, ‘সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং বড় একটি অন্যায়ের সংশোধন করার জন্য ফিফাকে ধন্যবাদ।’ এদিকে, মার্কিন ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পুরো প্রক্রিয়ায় তারা ফিফার সঙ্গে কাজ করেছে। দলের অধিনায়ক ক্রিস্টিয়ান পুলিসিচ এই সিদ্ধান্তকে ‘সঠিক’ বলে আখ্যায়িত করেছেন।
ফিফার এ সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বেলজিয়ান ফুটবল ফেডারেশন (আরবিএফএ)। তাদের দাবি, বিশ্বকাপের নিয়ম অনুযায়ী লাল কার্ড পাওয়ার পর পরবর্তী ম্যাচে স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা কার্যকর হওয়া বাধ্যতামূলক। নিয়ম বহির্ভূত এই সিদ্ধান্তের বিরুদ্ধে বেলজিয়ান ফেডারেশন সব ধরনের আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
উল্লেখ্য, বসনিয়ার বিপক্ষে ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর পরামর্শে বালোগুনকে লাল কার্ড দেখানো হয়েছিল। মার্কিন কোচিং স্টাফরা শুরু থেকেই দাবি করে আসছিলেন যে, তারিক মুহারেমোভিচের গোড়ালিতে বালোগুনের পা লাগার ঘটনাটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত।
জেএস

Sports Desk
© 2026 Daily Destiny. All rights reserved.








