পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন চূর্ণ করে ফুটবল ইতিহাসে নতুন মহাকাব্য লিখল নরওয়ে। আর্লিং হালান্ডের জোড়া গোলে ভর করে শক্তিশালী ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার গৌরব অর্জন করল ইউরোপের দলটি।

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। ম্যাচের চতুর্থ মিনিটেই প্যাট্রিক বার্গের গোল অফসাইডের কারণে বাতিল হলে বেঁচে যায় ব্রাজিল। এর কিছুক্ষণ পর পেনাল্টি পেলেও ব্রুনো গুইমারেসের দুর্বল শট রুখে দিয়ে নরওয়ের ত্রাতা হয়ে দাঁড়ান গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ড।

প্রথমার্ধে ব্রাজিল একের পর এক আক্রমণ করেও নরওয়ের রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় গোলহীনভাবে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে কার্লো আনচেলত্তি এন্দ্রিক ও নেইমারকে মাঠে নামিয়ে আক্রমণের ধার বাড়ানোর চেষ্টা করেন। ৫৮তম মিনিটে এন্দ্রিক এবং ৬৩তম মিনিটে গুইমারেস গোল করার সহজ সুযোগ নষ্ট করলে চাপে পড়ে সেলেসাওরা।

ম্যাচের মোড় ঘুরে যায় শেষ দশ মিনিটে। ৭৯তম মিনিটে আর্লিং হালান্ডের দুর্দান্ত হেডে এগিয়ে যায় নরওয়ে (১-০)। এরপর ৮৮তম মিনিটে আবারও সেই হালান্ড। তার দ্বিতীয় গোলটি ব্রাজিলের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। যোগ করা সময়ে নেইমার পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমালেও তা কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে।

ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো শেষ আটের টিকিট নিশ্চিত করার পর উৎসবে মেতে ওঠে নরওয়ে। অন্যদিকে, দারুণ ফুটবল উপহার দিয়েও ফিনিশিংয়ের ব্যর্থতায় বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো নেইমার-ভিনিসিয়ুসদের। এই জয় ফুটবল ইতিহাসে নরওয়ের জন্য এক অবিস্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।

জেএস