জয়ের আনন্দ ছাপিয়ে ব্রাজিল শিবিরে পাকেতার চোটের উদ্বেগ

ছবি
জাপানের বিপক্ষে নাটকীয় ২-১ গোলের জয়ে যখন পুরো ব্রাজিল শিবির কোয়ার্টার ফাইনালের স্বপ্নে বিভোর, ঠিক তখনই এক অস্বস্তিকর দুঃসংবাদ দলের শিবিরে উদ্বেগ ছড়িয়ে দিয়েছে। প্রথমার্ধের খেলায় ডান উরুতে চোট পাওয়া মিডফিল্ডার লুকাস পাকেতার পরবর্তী ম্যাচে খেলা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা।
ম্যাচ চলাকালীন প্রথমার্ধের যোগ করা সময়ে প্রতিপক্ষের অর্ধে আক্রমণ তৈরির মুহূর্তে উরুতে প্রচণ্ড ব্যথা অনুভব করেন পাকেতা। মাঠ ছাড়ার সময় তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে, যা দলের নির্ভরযোগ্য এই মিডফিল্ডারের পরবর্তী ম্যাচে উপস্থিতি নিয়ে সংশয় বাড়িয়েছে। কোচ কার্লো আনচেলত্তি ৪৬ মিনিটে বাধ্য হয়ে তার জায়গায় বিস্ময়বালক এনদ্রিককে মাঠে নামান।
পাকেতার চোটের গভীরতা নির্ণয়ে মঙ্গলবার (৩০জুন) বেশ কিছু মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। তবে ভেঙে না পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় এই মিডফিল্ডার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন: ‘যেভাবেই হোক না কেন, শেষ পর্যন্ত আমরা একসঙ্গেই লড়ে যাব।’
বিশ্বকাপের পরবর্তী রাউন্ড নিশ্চিত করা ব্রাজিল এখন আইভরি কোস্ট ও নরওয়ের মধ্যকার ম্যাচের ফলাফলের দিকে তীর্থের কাকের মতো তাকিয়ে আছে। আগামী রোববার রাত ২টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে, তা নির্ধারিত হবে এই ম্যাচের মাধ্যমেই।
পাকেতার মতো গুরুত্বপূর্ণ মিডফিল্ডার শেষ ষোলোর এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দলের বাইরে থাকলে তা কার্লো আনচেলত্তির কৌশলে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
জেএস

স্পোর্টস ডেস্ক
© 2026 Daily Destiny. All rights reserved.






