সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত
বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের মূল চেতনা এবং গণভোটের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জুলাই সনদ কার্যকর না করলে ১৪০০ শহীদ ও ৩০ হাজার আহতদের রক্তের সঙ্গে প্রতারণা করা হবে।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের রেলস্টেশন মাঠে আয়োজিত এক বিশাল জাতীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “গণভোটে ৭০ ভাগ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছিল। কিন্তু সরকার সেই রায়ের সঙ্গে প্রতারণা করছে এবং গণভোটের রায় কার্যকর করছে না। তারা মুখে মুখে জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও তা কেবলই মৌখিক প্রতারণা। আমরা আন্দোলন করে পরিস্থিতি ঘোলাটে করতে চাই না, তবে জনগণের অধিকার নিয়ে কোনো ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের দল। জাতীয় সংসদে ৬টি আসনে বিজয় লাভের পর দেশজুড়ে দল গোছানোর পাশাপাশি সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে এনসিপি।
নেত্রকোনার হাওর এলাকার মানুষের জীবনযাত্রার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “আজকে এই হাওর এলাকার মানুষের দুঃখ-দুর্দশা স্বচক্ষে দেখে এসেছি। এখানকার যোগাযোগব্যবস্থায় চরম অব্যবস্থাপনা রয়েছে। কোনো মানুষ অসুস্থ হলে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হওয়ার উপক্রম হয়।”
কৃষক ও জেলেদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “কৃষকরা তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাচ্ছে না। তিন থেকে চার মাস মাছ ধরা নিষিদ্ধ থাকার পর জেলেদের মাত্র ৩০ কেজি করে ধান দিয়ে সেটির নাম দেওয়া হয়েছে ‘জেলে কার্ড’। আমরা সরকারকে স্পষ্ট জানিয়েছি, এই বিভিন্ন কার্ডের খেলা বন্ধ করে সত্যিকার অর্থে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুন। তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা না গেলে দেশের অর্থনীতির কোনো পরিবর্তন হবে না।”
তিনি আরও অভিযোগ করেন, অতীতেও দেখা গেছে সরকারি সুযোগ-সুবিধা কেবল দলীয় লোকজনই পেয়ে থাকে, গরিব মানুষ বঞ্চিত হয়। তাই হাওর অঞ্চলকে বাঁচাতে সরকারের পক্ষ থেকে বিশেষ বরাদ্দ ও সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের দাবি জানান তিনি।
জনসভায় এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহসমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদসহ দলীয় অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনসভাকে কেন্দ্র করে মোহনগঞ্জ ও আশপাশের এলাকা থেকে হাজার হাজার সাধারণ মানুষ ও তরুণরা অংশ নেন।
জেএস

নেত্রকোন প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.









