গাজী নজরুল সংসদ সদস্য থাকতে পারবেন না: শিশির মনির

ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে সদ্য বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থাকা না থাকা নিয়ে আইনি ব্যাখ্যা দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। তার মতে, সংবিধান ও আইনি বিধানের আলোকে গাজী নজরুল ইসলাম এমপি পদে বহাল থাকতে পারবেন না।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য জানান তিনি।
ফেসবুক পোস্টে শিশির মনির উল্লেখ করেন, "সংবিধানের ৭০ অনুচ্ছেদে আছে 'পদত্যাগ', তিনি হয়েছেন 'বহিষ্কার'। জামায়াত আজকেই নির্বাচন কমিশনকে জানিয়ে দিচ্ছে। কারণ, নৈতিক স্খলন। প্রশ্ন হচ্ছে সংসদ সদস্য থাকতে পারবেন কি না? আমার মতে না।"
এর আগে গত বুধবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তাকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত গ্রহণ করে দলটি।
জেএস

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.











