জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতিও আ.লীগের মতো হবে: সারজিস আলম

ছবি: সংগৃহীত
জুলাই সনদ বাস্তবায়ন না হলে বর্তমান সরকারের পরিণতিও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মতো হবে বলে হুশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি স্পষ্ট করে বলেন, "এই দেশ দিল্লির তাবেদারিতে চলবে না। শহীদ হাদীর রক্ত আমরা বৃথা যেতে দেব না।"
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারপ্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, "আপনি আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। মনে রাখবেন, শুধু ব্যক্তিগত যোগ্যতায় আপনি এই পদে আসেননি। ১৭ বছর পর দেশে ফিরে আসার পর আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর সময় মানুষের চোখের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ভেসে উঠেছে। সেই আবেগ, প্রত্যাশা ও বিশ্বাস থেকেই দেশের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছে।"
তিনি আরও বলেন, "জনগণ যে আমানত আপনার হাতে তুলে দিয়েছে, তা রক্ষা করতে পারলে ভবিষ্যতেও জনগণের সমর্থন পাবেন। কিন্তু সেই আমানতের মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হলে, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন না করলে, আগামী নির্বাচনে ধানের শীষ তথা বিএনপিকে জনগণ আর ভোট দেবে না।"
জুলাই অভ্যুত্থানের চেতনা সারাদেশে ছড়িয়ে দেওয়া এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ স্লোগান নিয়ে দেশব্যাপী পদযাত্রা ও পথসভার আয়োজন করছে এনসিপি।
বগুড়া জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের অ্যাম্বাসেডর ইজাজ আল ওয়াসি জ্বীমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক সাদিক মাহাদী, বগুড়া জেলা এনসিপির আহ্বায়ক এমএসএ মাহমুদ, সদস্য সচিব সুলতান মাহমুদ এবং দুপচাঁচিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী ও এনসিপি মনোনীত দুপচাঁচিয়া পৌরসভার মেয়র প্রার্থী আবু বক্কর সিদ্দিক।
জেএস

বগুড়া প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.











