কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) জারি করা মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মোহাম্মদ আব্দুল্লাহ ২০২৫ সালের ৬ আগস্ট থেকে পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে তাকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তার ব্যাখ্যা গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়নি।

পরবর্তীতে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী তার বিরুদ্ধে ‘পলায়ন’-এর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। তদন্ত শেষে দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে প্রতিবেদন দাখিল করেন।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দ্বিতীয়বারও তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। তবে তার দেওয়া ব্যাখ্যাও সন্তোষজনক না হওয়ায় কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চাওয়া হলে কমিশনও তাকে চাকরি থেকে বরখাস্ত করার সুপারিশ করে।

সব ধরনের প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী তাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আদেশটি তার অননুমোদিত অনুপস্থিতি শুরুর দিন, অর্থাৎ ২০২৫ সালের ৬ আগস্ট থেকে কার্যকর বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ইউ