অর্থের অভাবে দেশের কোনো নাগরিক চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা।

মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, রাজধানীর বাইরে বসবাসকারী শিশুরাও উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সমান অধিকার রাখে। এ কারণে স্বাস্থ্যসেবা শুধু ঢাকাকেন্দ্রিক না রেখে দেশের সব অঞ্চলে সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, জনগণের কল্যাণে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যয় নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা অপরিহার্য। একই সঙ্গে নাগরিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, অতীতে বিভিন্ন খাতে বরাদ্দের অর্থ ব্যয়ের ক্ষেত্রে অনেক সময় যথাযথ হিসাব পাওয়া যায়নি। এ ধরনের অনিয়ম রোধে সরকার কার্যকর ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক অনুদানপ্রাপ্তদের হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয় এবং সুবিধাভোগীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

এজেএ