বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা

নিজস্ব প্রতিবেদন
জাতিসংঘের নতুন প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বর্তমানে শহরটিতে সাড়ে তিন কোটিরও বেশি মানুষ বসবাস করছে। ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টাস ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে—তালিকার প্রথমস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যেখানে জনসংখ্যা প্রায় ৪ কোটি ১৯ লাখ।
প্রতিবেদন অনুযায়ী, ২০৫০ সালের মধ্যেই ঢাকাই বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের শীর্ষে উঠে আসবে এবং তখন জনসংখ্যা ছাড়াবে পাঁচ কোটি। রাজধানীকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড, কর্মসংস্থানের উচ্চ প্রবণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবকে এই অস্বাভাবিক জনঘনত্ব বৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০১৮ সালের তালিকায় ঢাকার অবস্থান ছিল ৯ নম্বরে।
মেগাসিটির তালিকায় এবারও আধিপত্য বজায় রেখেছে এশিয়া। বিশ্বের শীর্ষ ১০ জনবহুল শহরের মধ্যে ৯টিই এশিয়ার নানা দেশে অবস্থিত। নয়াদিল্লি রয়েছে ৪ নম্বরে, কলকাতা ৯ নম্বরে, আর চীনের সাংহাই ও গুয়াংজু রয়েছে যথাক্রমে ৫ম ও ৬ষ্ঠ স্থানে—সবগুলোরই জনসংখ্যা প্রায় তিন কোটি।
অন্যদিকে, দীর্ঘদিন শীর্ষে থাকা জাপানের রাজধানী টোকিও নেমে গেছে তৃতীয় স্থানে। শহরটিতে এখন বসবাস করছে প্রায় ৩ কোটি ৩৪ লাখ মানুষ। শীর্ষ দশের বাইরে এশিয়ার বাইরের একমাত্র শহর হলো মিশরের কায়রো।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.











