এফবিআইয়ের জালে কুখ্যাত ভারতীয় গ্যাংস্টার নীতিশ কৌশল

ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ জগতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত ভারতীয় বংশোদ্ভূত গ্যাংস্টার নীতিশ কৌশল ওরফে লালাকে গ্রেপ্তার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। কানাডা সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) ভার্মন্টের অলবার্গ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নীতিশ কৌশল কুখ্যাত ‘জগ্গু ভগবানপুরিয়া’ অপরাধ সিন্ডিকেটের একজন প্রভাবশালী সদস্য। তার গ্রেপ্তারের বিষয়টি শনিবার মার্কিন আদালতের বরাতে নিশ্চিত করেছে সংবাদমাধ্যম এনডিটিভি।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, গত ৭ জুলাই থেকে নীতিশ কৌশলকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় পুলিশ। এরপর এফবিআই তাকে ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় অন্তর্ভুক্ত করে। গ্রেপ্তারের আগে গোয়েন্দাদের চোখ ফাঁকি দিতে নিজের মোবাইল ফোন ফেলে দিয়ে আত্মগোপনে চলে যান তিনি। নিউ জার্সির একটি জাল ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে নিজের পরিচয় লুকানোর চেষ্টা করেছিলেন তিনি।
ঘটনার দিন ভার্মন্টের এক বাসিন্দা তার বাড়ির সিসিটিভি ক্যামেরায় এক সন্দেহভাজনকে খামারে ঢুকতে দেখে পুলিশকে খবর দেন। বর্ডার প্যাট্রোল এজেন্টরা তাকে আটকের পর আঙুলের ছাপ পরীক্ষা এবং তার শরীরের বিশেষ ‘সিংহ’ ট্যাটু দেখে এফবিআই তার আসল পরিচয় নিশ্চিত করে।
অপরাধ জগতের ভয়াবহ নেটওয়ার্ক
আদালতে জমা দেওয়া ৪৪ পৃষ্ঠার অভিযোগনামা থেকে জানা গেছে, পাঞ্জাবভিত্তিক ‘জগ্গু ভগবানপুরিয়া’ চক্রের নেটওয়ার্ক এখন আমেরিকা, কানাডা, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বিস্তৃত। বর্তমানে বিশ্বজুড়ে এই চক্রের অন্তত এক হাজার সক্রিয় সদস্য রয়েছে, যার মধ্যে শতাধিক আমেরিকায় অবস্থান করছে। এই চক্রের মূল হোতা জগ্গু ভগবানপুরিয়া একসময় কুখ্যাত ডন লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী ছিলেন।
নীতিশ কৌশলের বিরুদ্ধে অভিযোগ
নীতিশ কৌশলের বিরুদ্ধে খুন, অপহরণ, মাদক পাচার, চাঁদাবাজি এবং অস্ত্র চোরাচালানের মতো গুরুতর অভিযোগ রয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে যে, এই চক্র দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে মার্কিন-কানাডা সীমান্ত দিয়ে ১০০ কেজির বেশি কোকেন ও মেথামফেটামিন পাচার করত।
অভিযোগ রয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে ক্যালিফোর্নিয়ায় মাদক চুরির সন্দেহে এক ব্যক্তিকে অপহরণ করে ৫০ হাজার ডলার মুক্তিপণ দাবির ঘটনায় নীতিশ কৌশল সরাসরি জড়িত ছিলেন। ২০২২ সালে অ্যারিজোনা সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের পর থেকেই তিনি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
বর্তমানে নীতিশ কৌশলের বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা চলমান থাকায় এবং বিচার শুরুর আগে তার পালিয়ে যাওয়ার উচ্চ ঝুঁকি থাকায় তাকে জামিন না দিয়ে কারাগারে আটকে রাখার আবেদন জানিয়েছেন মার্কিন প্রসিকিউটররা।
জেএস

international desk
© 2026 Daily Destiny. All rights reserved.








