ইরানী জলসীমায় এলপিজি ট্যাংকারে মার্কিন হামলায় নিহত ২, জাহাজে ছিলেন ২৮ ভারতীয়

ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালির কাছে মার্কিন সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় মোজাম্বিকের পতাকাবাহী ‘দিশা’ (Disha) নামক একটি এলপিজি (LPG) ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি গ্যাস বহন করছে—এমন সন্দেহের বশে ভুলবশত এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি (IRIB)। ভয়াবহ এই হামলায় জাহাজে থাকা দুই নাবিক নিহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গত শুক্রবার (২৪ জুলাই) ইরানের আঞ্চলিক জলসীমায় সংঘটিত এই হামলায় শিকার হওয়া ট্যাংকারটিতে মোট ২৮ জন ভারতীয় নাবিক কর্মরত ছিলেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) প্রকাশিত এক বিবৃতিতে ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ওই জাহাজে থাকা সব ভারতীয় নাবিক বর্তমানে নিরাপদ আছেন। এই পরিস্থিতির ওপর গভীর নজর রাখা হচ্ছে এবং নাবিকদের সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হচ্ছে।
আইআরআইবির এক প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার বিকেলে ওমান সাগর থেকে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়ার সময় মার্কিন বাহিনী ট্যাংকারটিকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মার্কিন বাহিনীর ভুল ধারণার বশে ইরানি গ্যাসবাহী জাহাজ ভেবে এটিকে টার্গেট করা হয়।
এই হামলায় জাহাজের দুই নাবিক নিহত এবং ইঞ্জিন কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্যাংকারটি সম্পূর্ণ অচল হয়ে পড়ে। তবে মার্কিন সামরিক বাহিনী এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এদিকে, আইআরআইবির প্রতিবেদনে উল্লেখিত ট্যাংকারটি ভারতীয় দূতাবাসের বিবৃত জাহাজটিই কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।
গত ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে (MoU) উল্লেখিত যুদ্ধবিরতি আর কার্যকর নেই। এর পর থেকেই দুদেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে, যা হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচলকে মারাত্মকভাবে ব্যাহত করেছে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান এই সংঘাতে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইস্যু অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করছে। সাম্প্রতিক এই উত্তেজনার জেরে ইরানে চালানো যুক্তরাষ্ট্রের নতুন দফার বিমান হামলায় ৫৯ জন নিহত এবং ৫৯২ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্যকেন্দ্রের প্রধান হোসেইন কারমানপুর (মেহের নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী)।
জেএস

international desk
© 2026 Daily Destiny. All rights reserved.











