শেখ হাসিনার ফেরা নিয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা ও সম্ভাব্য প্রত্যর্পণ নিয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে সাংবাদিকরা শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা ও সম্ভাব্য প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন করেন। এর জবাবে তিনি বলেন, “এই বিষয়ে আমাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। যে কোনো প্রত্যর্পণ একটি আইনি বিষয়। আর এ ক্ষেত্রেও (শেখ হাসিনার বিষয়টি) আইনিভাবেই ব্যবস্থা নেওয়া হবে”।
প্রসঙ্গত, সম্প্রতি বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান যে, তিনি পলাতক দলীয় নেতাদের সঙ্গে নিয়ে আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন। তিনি এ সময় নিজের বর্তমান পরিস্থিতিতে নিজের মাটিতে ফেরার আগ্রহ প্রকাশ করেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন। বাংলাদেশে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে এবং বাংলাদেশ সরকার তাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে। ব্রিফিংয়ে বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্পগুলো স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশে চলমান সমস্ত উন্নয়ন প্রকল্প দুই দেশের সরকারের পারস্পরিক পরামর্শ ও সম্মতির ভিত্তিতেই নেওয়া হয়েছে এবং সেগুলো সেভাবেই এগিয়ে চলছে।
জেএস

Destiny Desk
© 2026 Daily Destiny. All rights reserved.










