খামেনির দাফন চলাকালীন ইরানে ৮০টি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা, উত্তেজনা তুঙ্গে

ফাইল ছবি
ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন প্রক্রিয়া চলাকালীন দেশটিতে ভয়াবহ সামরিক অভিযান পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জেরে পাল্টা ব্যবস্থা হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের একাধিক অঞ্চলে চালানো এই অভিযানে অন্তত ৮০টি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। হামলাগুলোতে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এছাড়া, আন্তর্জাতিক বাণিজ্য করিডোরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইরানের আগ্রাসী সক্ষমতা হ্রাসের লক্ষ্যে হরমুজ প্রণালি ও এর আশপাশের এলাকায় অবস্থানরত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টিরও বেশি ছোট নৌকায়ও সফল হামলা চালানো হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার গভীর রাত ও বুধবার সকাল পর্যন্ত ইরানের কেশম দ্বীপ ও খার্গ দ্বীপে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন বাহিনীর দাবি, ইরানের এই অবকাঠামোগুলোর ওপর হামলার মাধ্যমে তাদের সামরিক সক্ষমতার সর্বোচ্চ ক্ষতিসাধন করা হয়েছে।
যুক্তরাষ্ট্র দাবি করেছে, গত মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রমকারী তিনটি বাণিজ্যিক জাহাজের ওপর ইরান অকারণে হামলা চালিয়েছে, যা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য চরম বিপজ্জনক। অন্যদিকে, বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ সম্পর্কে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি বা এর দায় স্বীকার করেনি।
আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের মতো একটি স্পর্শকাতর সময়ে যুক্তরাষ্ট্রের এই সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে চরম অস্থিরতা তৈরি করেছে। বিশ্বনেতারা এই উত্তেজনার পারদ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন।
জেএস

international desk
© 2026 Daily Destiny. All rights reserved.










