পর্যটকদের জন্য সৌদি আরবের নতুন ‘অল-ইন-ওয়ান’ ভিসা প্যাকেজ চালু

ছবি: সংগৃহীত
সৌদি আরবে ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ ও স্মার্ট করতে দেশটিতে নতুন একটি ‘ভিসা প্যাকেজ’ পাইলট প্রকল্প চালু করা হয়েছে। এই বিশেষ উদ্যোগের আওতায় যোগ্য পর্যটকরা একটি একক সমন্বিত প্ল্যাটফর্ম থেকেই ভিসা, বিমান টিকিট, হোটেল বুকিং এবং অন্যান্য প্রয়োজনীয় ভ্রমণ সেবা গ্রহণ করতে পারবেন। মঙ্গলবার (৭ জুলাই) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নতুন ভিসা প্যাকেজের মূল বৈশিষ্ট্য
একক প্ল্যাটফর্ম: যোগ্য ভ্রমণকারীরা এখন থেকে আলাদাভাবে ফ্লাইট, হোটেল বা ভিসার জন্য দৌড়ঝাঁপ না করে একটি মাত্র প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদনের সুযোগ পাবেন।
সমন্বিত সেবা: এই প্যাকেজের ভেতরেই যাতায়াতের বিমান টিকিট এবং মানসম্মত হোটেলে থাকার ব্যবস্থা নিশ্চিত করা থাকবে।
কাস্টমাইজেশন সুবিধা: পর্যটকরা তাদের পছন্দ অনুযায়ী সৌদি আরবের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ, উৎসব বা বিনোদনমূলক কার্যকলাপে অংশগ্রহণের বিষয়টি আগে থেকেই ভ্রমণ তালিকায় যুক্ত করতে পারবেন।
নির্বাচিত এজেন্সি: শুধুমাত্র উন্নত ডিজিটাল প্ল্যাটফর্ম, কারিগরি সক্ষমতা এবং ২৪ ঘণ্টা কাস্টমার সাপোর্ট প্রদানকারী অনুমোদিত ট্রাভেল ও ট্যুরিজম এজেন্সিগুলোই এই সেবা দিতে পারবে।
সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে পর্যটন খাতের পরিধি বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বীমা কর্তৃপক্ষ যৌথভাবে এই প্যাকেজটি তৈরি করেছে।
উল্লেখ্য যে, এর আগে ই-ভিসা, অন-অ্যারাইভাল ভিসা এবং স্টপওভার ট্রানজিট ভিসার মতো সহজ নিয়মের কারণে সৌদি আরবে পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত ২০২৫ সালেই দেশটিতে ২ কোটি ৯০ লাখের বেশি আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেছেন।
এ বিষয়ে সৌদি আরবের পর্যটন মন্ত্রী আহমেদ আল-খতিব বলেন, এই প্যাকেজ ভিসার মাধ্যমে পর্যটন ব্যবস্থাকে আরও স্মার্ট ও সহজ করার পরবর্তী বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি একদিকে যেমন পর্যটন অংশীদারদের শক্তিশালী করবে, অন্যদিকে দর্শনার্থীদের জন্য সৌদি আরব ভ্রমণের অভিজ্ঞতাকে করবে একদম নির্বিঘ্ন।
সৌদি পর্যটন মন্ত্রণালয় আশা করছে, এই সহজ ব্যবস্থার ফলে বিদেশি পর্যটকরা দেশটিতে আগের চেয়ে বেশি সময় অবস্থান করবেন, যা দেশটির পর্যটন খাতের রাজস্ব আয় বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।
জেএস

international desk
© 2026 Daily Destiny. All rights reserved.









