দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। দেশটির সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৩ হাজার ৩৪২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া ভূমিকম্পে অন্তত ১৬ হাজার ৭০০ জন আহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ জুন ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির লা গুয়াইরা অঞ্চল। ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভয়াবহ এই দুর্যোগে এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের তীব্রতায় ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি স্থাপনা পুরোপুরি ধসে পড়েছে।

এখন পর্যন্ত প্রায় ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে এবং ১৭ হাজার ৩৪৫ জন মানুষ গৃহহীন হয়ে অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নিয়েছেন।

দুর্গত এলাকায় মানবিক সহায়তা নিশ্চিত করতে বড় আকারের উদ্যোগ নিয়েছে ভেনেজুয়েলা সরকার। বিবৃতিতে জানানো হয়েছে, ভূমিকম্প-বিধ্বস্ত এলাকাগুলোতে ৪ হাজার ৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে রাজধানী কারাকাস থেকে প্রায় ২৯ হাজার ৫৬৭ জন সরকারি কর্মী ও ২৭ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবক উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন।

ইতিমধ্যে দুর্গত এলাকায় ৯ হাজার ৫৮৫ টন খাদ্য ও প্রায় ৬ লাখ ৬৯ হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। এছাড়া ২৩ হাজার ৮২০ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং মানুষের আশ্রয়ের জন্য ৭৯টি অস্থায়ী শিবির স্থাপন করা হয়েছে।

ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ৯৯৫টি আফটারশক অনুভূত হয়েছে, যা উদ্ধার কাজে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, তাই উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

জেএস