দীর্ঘ বিরতির পর টেলিভিশন নাটকে ফিরছেন সুমাইয়া শিমু

জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু ছবি: সংগৃহীত
অভিনয় থেকে দীর্ঘদিন দূরে থাকার পর আবারও নিয়মিত কাজের ধারায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। সম্প্রতি ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে প্রত্যাবর্তনের পর এবার নতুন একটি টেলিভিশন ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
‘ফিরে আসার গল্প’ শিরোনামের নতুন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে শিমুকে। নাটকটিতে তার চরিত্রের নাম রুকাইয়া। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট নাটকটির জন্য অভিনেত্রীর প্রথম লুক প্রকাশ করলে বিষয়টি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করে।
এর আগে নির্মাতা নুহাশ হুমায়ূনের ওয়েব অ্যান্থলজি ‘২ষ’-এর ‘বেসুরা’ পর্বে অভিনয়ের মাধ্যমে দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে ফিরেছিলেন সুমাইয়া শিমু। সেটিই ছিল তার প্রথম ওয়েব কনটেন্ট।
নতুন ধারাবাহিকটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি জানান, নাটকটির গল্প আবর্তিত হবে একটি পরিবারের নানা সম্পর্ক, টানাপোড়েন ও জীবনের বাস্তব অভিজ্ঞতাকে কেন্দ্র করে। আগামী মাস থেকে নাটকটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শুটিং শুরু হলে নাটকটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
তবে নতুন এই কাজ নিয়ে এখনই বিস্তারিত মন্তব্য করতে চাননি সুমাইয়া শিমু। নাটকটির মাধ্যমে তিনি আবারও টেলিভিশন দর্শকদের সামনে হাজির হচ্ছেন, যা তার ভক্তদের জন্য আনন্দের খবর।
‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকে শিমুর পাশাপাশি অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, ফাইজুল ইয়ামিনসহ আরও বেশ কয়েকজন পরিচিত অভিনয়শিল্পী। নির্মাতা জানিয়েছেন, পর্যায়ক্রমে নাটকের অন্যান্য শিল্পী ও তাদের চরিত্রের পরিচয় প্রকাশ করা হবে।
ইউ

বিনোদন ডেস্ক
© 2026 Daily Destiny. All rights reserved.












