দশ ঘণ্টা পর রাজপথ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

ছবি: সংগৃহীত
টানা ১০ ঘণ্টার দীর্ঘ আন্দোলনের পর রাজপথ ছাড়ার ঘোষণা দিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) রাত পৌনে ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শিক্ষার্থীরা সরে গেলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে তাৎক্ষণিকভাবে আন্দোলন স্থগিত করলেও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে তারা এখনো অনড়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধের মধ্য দিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। একই সময়ে উত্তরার বিএনএস সেন্টারের সামনেও বিক্ষোভ করেন আরেক দল শিক্ষার্থী। দুপুরে শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে পরে মিছিল নিয়ে আবারও সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। বিকেলের দিকে মিছিলটি জাতীয় সংসদ ভবনের দিকে এগিয়ে যায়। সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়ায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।
অবরোধ চলাকালে পুলিশের সাথে আন্দোলনকারীদের কয়েক দফা উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। সংসদ ভবনের সামনে থেকে সরে যাওয়ার পর তারা আসাদগেটের আড়ং মোড়ে অবস্থান নেন। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে, যার প্রতিক্রিয়ায় পুলিশ তাদের মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সম্পূর্ণ সরিয়ে দেয়।
সংসদে শিক্ষামন্ত্রীর নতুন ঘোষণা ও কর্মসূচির স্থগিতাদেশ
রাতে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তার সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। একইসঙ্গে পরিস্থিতির বিবেচনায় পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দেন তিনি। মন্ত্রীর এই ঘোষণার পর রাত পৌনে ১০টার দিকে আজকের মতো কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
তবে শিক্ষার্থীরা সাফ জানিয়ে দিয়েছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা অটল। এই বিষয়ে পরবর্তী কর্মসূচি রাতেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা।
জেএস

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.









