আগামীকাল ‘ব্যাংক হলিডে’: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন

ছবি: সংগৃহীত
আগামীকাল বুধবার (১ জুলাই) ‘ব্যাংক হলিডে’ উপলক্ষে দেশের সব ব্যাংকে সাধারণ গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে দেশের দুই পুঁজিবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) যাবতীয় লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম।
তবে ব্যাংকগুলোর প্রধান কার্যালয়সহ গুরুত্বপূর্ণ শাখাগুলোতে কর্মকর্তাদের অভ্যন্তরীণ দাপ্তরিক কাজ যথারীতি চালু থাকবে।
ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা জানান, প্রতি বছরের ১ জুলাই ব্যাংকগুলোর ছয় মাসের আয়-ব্যয়ের হিসাব মেলানোর দিন। দেশজুড়ে ছড়িয়ে থাকা শাখাগুলোর হিসাব একত্রিত করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করার এই জটিল ও সময়সাপেক্ষ কাজ নিখুঁতভাবে সম্পন্ন করতেই দিনটিকে 'ব্যাংক হলিডে' ঘোষণা করা হয়। এর ফলে কর্মকর্তারা কোনো ধরনের গ্রাহক চাপ ছাড়া অভ্যন্তরীণ কাজ সম্পন্ন করতে পারেন। একই নিয়মে বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বরও ব্যাংক হলিডে পালন করা হয়।
ব্যাংকের কোনো শাখায় টাকা জমা দেওয়া বা উত্তোলন করা যাবে না। সব ধরনের চেক ক্লিয়ারিং বা নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট ও পে-অর্ডার বন্ধ থাকবে। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) সাময়িকভাবে স্থগিত থাকবে।
শেয়ারবাজারের সিংহভাগ লেনদেন ও তহবিল স্থানান্তর ব্যাংকিং চ্যানেলের ওপর নির্ভরশীল হওয়ায় ব্যাংক বন্ধের সরাসরি প্রভাব পড়ে পুঁজিবাজারে। তাই যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়াতে প্রতি বছর ব্যাংক হলিডের দিন ডিএসই ও সিএসইর লেনদেনও সরকারিভাবে বন্ধ রাখা হয়।
আগামী বৃহস্পতিবার (২ জুলাই) থেকে আবার আগের নিয়মেই ব্যাংক ও শেয়ারবাজারের স্বাভাবিক লেনদেন শুরু হবে।
ইউ

Arthaniti Desk
© 2026 Daily Destiny. All rights reserved.






