সাটুরিয়ায় তুচ্ছ ঘটনায় হামলা: একই পরিবারের তিনজন আহত

ছবি: ডেসটিনি প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় হ্যালোবাইকে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় হ্যালোবাইক চালকসহ একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুলাই মঙ্গলবার সকাল ১০টার দিকে সাটুরিয়া ইউনিয়নের বৈলতলা স্ট্যান্ডে (বৈলতলা শাহী জামে মসজিদ সংলগ্ন) যাত্রী ওঠানোকে কেন্দ্র করে হ্যালোবাইক চালক ফয়সাল ও একই গ্রামের অটোচালক রজ্জব আলীর মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নিলে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষকে সরিয়ে দেন।
অভিযোগ রয়েছে, ঘটনার পরদিন বুধবার রাত ১০টার দিকে রজ্জব আলী, আজাহার আলী ও আরশেদ আলীসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ফয়সালের বাড়িতে হামলা চালান। এ সময় ফয়সাল, তার স্ত্রী নাসরিন আক্তার (২৬) এবং মা ফুলজান বেগম (৪০) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত ফয়সাল অভিযোগ করে বলেন, সামান্য ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ তার পরিবারের ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনি সাটুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং প্রশাসনের কাছে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
অভিযুক্ত রজ্জব আলীর বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে এবং একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইউ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.







